প্রায় ২৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবন সফলভাবে শেষ করে অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ মনিরুজ্জামান। আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর এই দীর্ঘ ও গৌরবোজ্জ্বল পেশাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। তাঁর অবসর উপলক্ষে ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইডে’ এক জাঁকজমকপূর্ণ ও আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। সভাপতির বক্তব্যে আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির বলেন, জনাব মোঃ মনিরুজ্জামান অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা অনেক বাড়িয়েছেন। তিনি বিদায়ী কর্মকর্তার অবসরোত্তর শান্তিময় পারিবারিক জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। বিদায়ী অতিরিক্ত আইজি জনাব মোঃ মনিরুজ্জামান তাঁর বক্তব্যে কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সহযোগিতা করার জন্য সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া চান।
উল্লেখ্য, জনাব মোঃ মনিরুজ্জামান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ টেলিকম সংস্থায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত কর্মদক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বর্ণাঢ্য ক্যারিয়ারে ছয়টি আইজিপি ব্যাজ এবং দুইবার জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিণী জনাব তাপতুন নাসরীন বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ হারাল একজন প্রবীণ, দক্ষ ও নিবেদিতপ্রাণ অভিভাবককে, যিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য অবদান রেখে গেছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত