চট্টগ্রামের লোহাগাড়ায় ওয়ারিশান ও সীমানা বিরোধের জেরে বসতভিটায় অনধিকার প্রবেশ করে গাছপালা কর্তন, সীমানা বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ হারেছ মিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলাউজান ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান বলি পাড়ার বাসিন্দা মোহাম্মদ হারেছ মিয়ার সঙ্গে একই এলাকার মোহাম্মদ কামাল, মোহাম্মদ ফরিদ, আলী আহমদ, আইয়ূব আলী, ইয়াকুব আলী ও মো. আরিফুল ইসলামদের ওয়ারিশান এবং কিছমত প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে প্রতিপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, আদালত অবমাননা করে গত ২৩ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে বিবাদীরা ধারালো কিরিচ, চাপাতি, ছুরি, দা, লোহার রড ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হারেছ মিয়ার বসতভিটায় অনধিকার প্রবেশ করে। এ সময় তারা বসতভিটার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছপালা কেটে ফেলে এবং সীমানার ঘেরাবেড়া ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
বাদী এতে বাধা দিতে গেলে বিবাদীরা লাঠি ও বাটাম নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করে। বাদীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আইনি আশ্রয় নিলে বাদী ও তার পরিবারের সদস্যদের একা পেলে মারধর, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগী হারেছ মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত