চট্টগ্রামের চন্দনাইশে দিনদুপুরে বাসায় তালা ভেঙে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চোর আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বরকল আবদুল হাই আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী এবং তাঁর স্ত্রী বরকল কানাইমাদারী কাদেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষিকা হানিফা বেগম বরকল ৯ নং ওয়ার্ড মৌলভীবাজার এলাকার জাকির ম্যানসন বিল্ডিংয়ের ৩য় তলায় ভাড়া বাসায় থাকেন।
গত বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সকালে তারা বাসায় তালা দিয়ে নিজ নিজ কর্মস্থলে চলে যান। দুপুরে তাদের মেয়ে নাফিসা মোবাশশিরা (১৩) স্কুল থেকে বাসায় ফিরে দেখে দরজার তালা ভাঙা এবং বাসার ভিতরে কাপড়-চোপড় ছড়ানো ছিটানো। স্টীলের আলমারিও খোলা অবস্থায় পড়ে আছে।
পরে খোঁজ নিয়ে দেখা যায়, আলমারিতে থাকা গলার চেইন, হার, ব্রেসলেট ও আংটিসহ প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ধারণা করা হচ্ছে, দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে চন্দনাইশ থানার এক পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, সম্প্রতি চন্দনাইশে দিনে-রাতে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত