শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহের ৩৯ বিজিবির এক বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। আটককৃত চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ময়মনসিংহের ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত পার করে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবির একটি টহল দল গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সটকে পড়লে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করতে সক্ষম হয় টহল দল।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত