চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (২৮ ও ২৯ অক্টোবর) চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চন্দনাইশের পূর্ব কানাইমাদারী এলাকার মো. সোলায়মান (৩১), দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকার মো. সজীব ইসলাম (৩৪) এবং মধ্যম হাশিমপুর এলাকার লিটন চন্দ্র দে (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত সোলায়মানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, সজীব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং লিটন চন্দ্র দেকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত