সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থীকে ডিগ্রি অর্জনের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন।
ছবিতে দেখা যায়, ফুলে সজ্জিত মঞ্চে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অতিথিদের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী ড. মিলন ওই শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন। তাঁর এই অর্জন অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
এই বিষয়ে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ব্যবহৃত একটি শব্দ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, "সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন ও বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চাই। সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তাঁর এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গে আমি কথা বলেছিলাম।"
তিনি আরও বলেন, "সমাজে তৃতীয় লিঙ্গের মানুষেরা অনেকেই অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাঁদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল আমার বক্তব্যের মূল কথা। বক্তব্যের সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।"
শিক্ষামন্ত্রী বলেন, "দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। সেদিনের বক্তব্যের উদ্দেশ্য কোনোভাবেই কাউকে আঘাত করা ছিল না, বরং তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাঁদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।"
এ সময় তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত