কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং মাদক ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন কাঁঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে শিশু-কিশোরদের সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলম হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কাঁঠালিয়া উপজেলা শাখার সুপারভাইজার আসাদুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে কোরআন তিলাওয়াত, ইসলামি সংগীত, আজান, কবিতা আবৃত্তি, রচনা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত