বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ সমিতি থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরেও এক নারী সদস্যকে কারাবাস করতে হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঋণ পরিশোধের পরও আদালতের মামলা ও ওয়ারেন্ট সংক্রান্ত জটিলতায় তাকে জেল খাটতে হওয়ায় এলাকায় এবং ভুক্তভোগী পরিবারে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারীর স্বামী মো. শামীম ইসলামের দাবি, ঋণ পরিশোধের সঠিক তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আদালতে সময়মতো না জানানোর কারণেই তার স্ত্রীকে এই অহেতুক হয়রানির শিকার হতে হয়েছে।
আশা সমিতির পাশবই ও সংগৃহীত তথ্যসূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গ্রামের মো. শামীম ইসলামের স্ত্রী মোছা. মিনু আক্তার আশা সমিতির শহরের ফকিরপাড়া শাখার একজন নিয়মিত সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি ফকিরপাড়া শাখা থেকে ৬২ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে পারিবারিক বিভিন্ন সংকটের কারণে তিনি যথাসময়ে পুরো কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন। নিয়মানুযায়ী আশা সমিতির তৎকালীন ফকিরপাড়া শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম বাদী হয়ে দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত-২-এ এনআই অ্যাক্ট আইনে মিনু আক্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর—দায়রা ৮৩৬/২০।
মামলা চলাকালীন মিনু আক্তার পর্যায়ক্রমে কিস্তির টাকা পরিশোধ করতে থাকেন এবং গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখে সংস্থার গৃহীত ঋণের সমুদয় টাকা সুদসহ পুরোপুরি পরিশোধ করেন। সে সময় সংস্থার পাশবইয়ে পরিশোধের স্বাক্ষর এবং আইনজীবীর কাছ থেকে মামলা প্রত্যাহারের বিল-ভাউচারও গ্রহণ করেন তিনি।
সকল দেনা পরিশোধের পরও গত ২২ অক্টোবর ২০২৬ তারিখের দিবাগত রাতে পুলিশ আদালতের মাধ্যমে বকেয়া ঋণ আদায়ের ওই মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও একজন নিরীহ গৃহবধূকে এভাবে জেল খাটতে হওয়ায় পরিবার ও এলাকাবাসী হতবাক হয়ে পড়েন। পরবর্তীতে গত ২৭ অক্টোবর বকেয়া ঋণের পরিমাণ থেকে ৫০ শতাংশ অর্থ অর্থাৎ ২৬ হাজার ৭৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পুনরায় পরিশোধ করে জামিনে মিনু আক্তারকে মুক্ত করে আনা হয়।
ভুক্তভোগী মিনু আক্তারের স্বামী মো. শামীম ইসলাম গণমাধ্যমকে জানান, "আমরা তো আগেই সব টাকা পরিশোধ করে দিয়েছিলাম। সমিতির লোকজন আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পরও আদালতে সঠিক তথ্য সময়মতো উপস্থাপন না করা এবং মামলা তুলে না নেওয়ায় আমার নিরপরাধ স্ত্রীকে বিনা কারণে জেল খাটতে হয়েছে।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িত দায়িত্বশীলদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে আশা সমিতির স্থানীয় ফকিরপাড়া শাখার বর্তমান শাখা ব্যবস্থাপক সুমন দাসের সঙ্গে কথা হলে তিনি জানান, আশা সমিতির কাছে মিনু আক্তারের ঋণের বকেয়া টাকা আগেই পরিশোধ হয়ে গেছে। সে মর্মে গত ২০২৫ সালের ১০ অক্টোবর তৎকালীন সময়ে দায়িত্বরত শাখা ব্যবস্থাপক আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে বকেয়া পরিশোধের তথ্য জানান। হয়তো মামলা চলাকালীন মিনু আক্তারের বিরুদ্ধে পূর্বের কোনো ওয়ারেন্ট কার্যকর ছিল কিংবা কোনো প্রশাসনিক জটিলতা বা ভুল বোঝাবুঝির কারণে এমনটি ঘটেছে। তবে বর্তমান শাখা ব্যবস্থাপক হিসেবে তিনি ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ ঘটনায় সচেতন মহল মনে করছেন, এনজিওগুলোর ঋণ সংক্রান্ত মামলা এবং আইনি প্রক্রিয়াগুলো আরও বেশি স্বচ্ছ ও দায়িত্বশীল হওয়া উচিত। যাতে কোনো সাধারণ গ্রাহককে ঋণ পরিশোধের পরও আইনি জটিলতা বা ভুল বোঝাবুঝির কারণে এমন অমানবিক হয়রানি ও কারাবাসের মুখোমুখি হতে না হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত