বান্দরবানের লামা উপজেলার অন্যান্য ইউনিয়নের সাথে তাল মিলিয়ে লামা পৌরসভার ১নং ওয়ার্ডেও প্রকাশ্যেই চলছে পর্দা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নিয়মনীতিকে তোয়াক্কা না করে নির্দিষ্ট পয়েন্ট থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছে। সাধারণ মানুষের নজর এড়াতে এবং অবৈধ কার্যক্রম ঢাকতে উত্তোলনের স্থানগুলোর চারপাশে পর্দা বা চট টাঙিয়ে রাখা হয়েছে। অথচ এর ভেতর দিয়েই দিবালোকের সাথে চলছে শক্তিশালী মেশিন দিয়ে বালু তোলার মহোৎসব।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রকাশ্যে এভাবে বালু উত্তোলন করা হলেও প্রশাসনের কেউ বিষয়টি দেখছে না তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এভাবে বালু উত্তোলনের ফলে তীরবর্তী এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে এবং ভারী যানে বালু বহনের কারণে রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জনগণের প্রশ্ন:
এলাকাবাসীর প্রশ্ন—প্রশাসনের নাকের ডগায় এভাবে পর্দা টাঙিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসনের এই রহস্যজনক নীরবতা কার স্বার্থে? দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ করা না হলে পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং প্রয়োজনে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত