চিরিরবন্দরে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ চান মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ মেজবাহুল ইসলাম মেজবা, উপজেলা সমাজসেবা অফিসার, হামিদুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জাতীয় উন্নয়ন ও দেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে যুব উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রচারে: চিরিরবন্দর সমাচার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত