শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌন হয়রানি রোধ, নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং নারী ও শিশু পাচার প্রতিহত করার লক্ষ্যে সচেতনতামূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ডামুড্যার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদ পারভেজ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে বাল্যবিয়ে রোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরা হয়। যেকোনো জরুরি প্রয়োজনে বিনামূল্যে টোল-ফ্রি নম্বর—১০৯, ৩৩৩ এবং ৯৯৯-এ যোগাযোগ করে সরকারি সহায়তা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে এক বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে বর্ধিত ভিডব্লিউবি (VWB) কার্ডের আওতায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৩৮৩ জন নিবন্ধিত ও উপকারভোগী নারীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত