প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
কর্মই জীবন—যুব র্যালি, আলোচনা সভা, আত্মকর্মীদের সম্মাননা ও প্রশিক্ষিত যুবদের সনদপত্র বিতরণ
কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘কর্মই জীবন’ এবং স্লোগান ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র্যালিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবক-যুবতী, প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে সফল আত্মকর্মীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্নকারী যুবদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে যুবকদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে উৎসাহিত করা হয়।
বক্তারা আরও বলেন, দেশের বিপুল যুব জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব হলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আরও সহজ হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লার উদ্যোগে জাতীয় যুব দিবসের এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত