উলিপুরে ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০টিতেই প্রধান শিক্ষক নেই
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে চরম শিক্ষক সংকট। উপজেলার ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২০০টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় দেখা দিয়েছে নানা জটিলতা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে একদিকে যেমন পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি পাঠদান করতে হচ্ছে। আবার প্রশাসনিক কাজের প্রয়োজনে অনেক সময় উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন মহল বলছেন, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে উলিপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। অন্যথায় প্রাথমিক শিক্ষার মান আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত