চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের এনায়েতপুর-সোনাচো সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে মাদক উদ্ধার ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ নাথ ও এএসআই (নিরস্ত্র) স্বপন দাস সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
সোমবার (২ নভেম্বর) শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর থেকে সোনাচোগামী সড়কে সোহেল বাড়ির সামনে কাঞ্চন স্টোরসংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশের বিশেষ দল। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে মহিন উদ্দিন (২৫) এবং শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাচো গ্রামের মিয়াজী বাড়ির জাকির হোসেনের ছেলে মো. জাবেদ হোসেন (২২)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-৩, তারিখ ২ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-৩৪৬।
পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

মতামত