সিলেট প্রতিনিধি:২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) শিক্ষার্থীরা আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ ও ফরম পূরণ কার্যক্রম চলবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) Probable List প্রকাশ করা হবে। তালিকা থেকে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলাপ (eFF) সম্পন্ন করতে হবে।
সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। ফি জমা দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে। এরপর প্রতিষ্ঠানপ্রধান ও পরীক্ষার্থীর স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকা সংরক্ষণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে, প্রতি পত্র বা বিষয়ের তত্ত্বীয় পরীক্ষার জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫ টাকা। নিয়মিত ও অনিয়মিত উভয় পরীক্ষার্থীর ক্ষেত্রে এ ফি প্রযোজ্য হবে।
এ ছাড়া পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসরণ করা হবে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন, পরীক্ষার্থীদের তথ্য যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার এই সুযোগের মাধ্যমে অকৃতকার্য শিক্ষার্থীরা শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রেখে পুনরায় উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত