দেশের ৫ থেকে ১৬ বছর বয়সী অর্ধেকেরও বেশি শিশু এখনো বাংলা ভাষায় সাবলীলভাবে পড়ে বুঝতে পারে না এবং মৌলিক গণিতেও দক্ষতা অর্জন করতে পারছে না। অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে শিক্ষার্থীদের প্রায় ৩৩ শতাংশ ঝরে পড়ছে। দেশের শিক্ষা খাতের এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে এক গোলটেবিল বৈঠকে।
১ নভেম্বর ২০২৬ তারিখে ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (IID) আয়োজিত ‘Parliamentarians for Equality: Building a Country of Equal Opportunity’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব বিষয় উঠে আসে।
বৈঠকে বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ (কুড়িগ্রাম-২) নদীবেষ্টিত চরাঞ্চলের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালুর দাবি জানান।
তিনি বলেন, চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে শিক্ষকরা শহরাঞ্চলে বদলি হওয়ার জন্য তদবির করেন। এর ফলে দুর্গম চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষকের সংকট তৈরি হয় এবং এসব এলাকার শিশুরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়।
গোলটেবিল বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দেশের প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা। আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধা, শিক্ষার পরিবেশ এবং মানগত বৈষম্যের বিষয়টি গুরুত্ব পায়। এই বৈষম্য দূর করে সব শিশুর জন্য সমান ও মানসম্মত শিক্ষার পরিবেশ কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন।
বক্তারা মনে করেন, শিক্ষার বৈষম্য দূর করতে হলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের মৌলিক শিক্ষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত