চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) শাহরাস্তি থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম ও এএসআই (নিঃ) আজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে আলা উদ্দিন (৩০) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর (খলিফা বাড়ি) গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাকসুদুর রহমান মোমিন (৫০)।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৩৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত আলা উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং মাকসুদুর রহমান মোমিন চিতোষী পশ্চিম ইউনিয়নের একটি ওয়ার্ডের সভাপতি হিসেবে পরিচিত।
গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত