কায়েস মাহমুদ, গাংনী (মেহেরপুর):
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, আনন্দ-উচ্ছ্বাস ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী (সা.) উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গাংনী দারুচ্ছুন্নাত নেছারীয়া ও মোখতারীয়া কমপ্লেক্স (খানকা শরীফ)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
রবিউল আউয়াল মাসের পবিত্র এই দিনটিতে আয়োজিত মিছিলে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই আনন্দ মিছিলটি গাংনী বাজার, হাসপাতাল বাজার এবং উপজেলা পরিষদ চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরগুলো প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার, ফেস্টুন এবং মুখে নবীপ্রেমের ধ্বনি ও দরুদ-সালামের আওয়াজে মুখরিত হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনদর্শন, পবিত্র সিরাত ও সুন্নাহর ওপর আলোকপাত করে বিশেষ আলোচনা করা হয়। পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও তাবরক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত