মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়ায় শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।স্থানীয় খেলোয়াড়দের অভিযোগ,নিয়মিত খেলতে আগ্রহী অনেক স্থানীয় খেলোয়াড় মাঠে সুযোগ পেলেও অন্য এলাকার কিছু খেলোয়াড় এসে খেলায় অংশ নেওয়ায় নানা সমস্যা তৈরি হচ্ছিল।এ নিয়ে সম্প্রতি মাঠে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্লাবের সভাপতি উভয় পক্ষের খেলোয়াড়কে একসঙ্গে খেলাধুলা করার আহ্বান জানান।তবে অভিযোগ রয়েছে,এ সময় কয়েকজন বহিরাগত খেলোয়াড় সভাপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
একই সঙ্গে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তাদের উত্তেজনায় জড়িয়ে পড়ার অভিযোগও ওঠে।এমনকি কয়েকজন স্থানীয় খেলোয়াড়কে মারধরের চেষ্টা ও মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করা হয়েছে।বিষয়টি ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অবহিত করা হলে তারা আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেন।এরই ধারাবাহিকতায় বিশৃঙ্খলার অভিযোগ ওঠা কয়েকজন খেলোয়াড়কে সাময়িকভাবে খেলায় অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।অন্য খেলোয়াড়দের মাঠে খেলাধুলার অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।ক্লাব সংশ্লিষ্টদের অভিযোগ,মাঠে থাকা কয়েকজন বহিরাগত খেলোয়াড় স্থানীয়ও খেলোয়াড়দের সঙ্গে বারবার ফাউল ও উত্তেজনাকর আচরণ করেন।
এতে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিলে স্থানীয় খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান।পরে তারা বিষয়টি ক্লাব সভাপতি ও কমিটির সদস্যদের জানান।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিশৃঙ্খলাসৃষ্টি করা অভিযুক্ত খেলোয়াড়দের সাময়িকভাবে খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।পরে ক্লাব কমিটির সদস্যরা এ বিষয়ে একটি বৈঠকে বসেন।বৈঠকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,খেলোয়াড়দের অভিভাবকদের উপস্থিতিতে বিষয়টি পর্যালোচনা করা হবে।যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে,তাদের বাদ দিয়ে অন্য খেলোয়াড়রা মাঠে খেলতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সাময়িকভাবে খেলা থেকে বিরত রাখার সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে।
এদিকে,সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার দেখা যাচ্ছে।ক্লাব কমিটির দাবি,এসব প্রচারের কিছু অংশ ঘটনার প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।এ ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কমিটি।ক্লাব সংশ্লিষ্টরা জানান,মাঠটি সবার জন্য উন্মুক্ত ও শান্তিপূর্ণ রাখাই তাদের মূল লক্ষ্য।কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের কারণে নয়,বরং মাঠে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় ও অন্যান্য এলাকার খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে ভবিষ্যতে শান্তিপূর্ণ পরিবেশে খেলাধুলা পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছে ক্লাব কমিটি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত