শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাবের মাঠে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বহিরাগত খেলোয়াড়দের খেলায় অংশগ্রহণকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ক্লাব সংশ্লিষ্টদের অভিযোগ, স্থানীয় অনেক খেলোয়াড় নিয়মিতভাবে মাঠে খেলতে আগ্রহী হলেও অন্য এলাকার কিছু খেলোয়াড় এসে খেলায় অংশ নেওয়ায় স্থানীয়দের খেলার সুযোগ ও পরিবেশ ব্যাহত হচ্ছিল।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্লাবের সভাপতি উভয় পক্ষের খেলোয়াড়দের নিয়ে একসঙ্গে খেলার জন্য অনুরোধ করেন।তবে অভিযোগ অনুযায়ী,এ সময় কয়েকজন খেলোয়াড় সভাপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন।এমনকি স্থানীয় খেলোয়াড়দের মারধরের চেষ্টা ও মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও ওঠে।
বিষয়টি ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের জানানো হলে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশৃঙ্খলার অভিযোগ ওঠা কয়েকজন খেলোয়াড়কে সাময়িকভাবে খেলায় অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং অন্য খেলোয়াড়দের খেলার অনুমতি দেওয়া হয়।
কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে,মাঠে থাকা কয়েকজন খেলোয়াড় স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বারবার ফাউল ও উত্তেজনাকর আচরণের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন।একপর্যায়ে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় খেলোয়াড়রা মাঠ থেকে উঠে গিয়ে বিষয়টি ক্লাব সভাপতিকে জানান।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ক্লাব সভাপতি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিশৃঙ্খলার সঙ্গে জড়িত খেলোয়াড়দের সাময়িকভাবে খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।
পরে শুক্রবার ক্লাব কমিটির সদস্যরা বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বৈঠকে সিদ্ধান্ত হয়, খেলোয়াড়দের অভিভাবকদের উপস্থিতিতে বিষয়টি পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে,তাদের বাদ দিয়ে অন্য খেলোয়াড়রা মাঠে খেলতে পারবেন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সাময়িকভাবে খেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত বহাল রাখা হয়।এদিকে,কমিটির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার দেখা যায়।ক্লাব কমিটির দাবি,এসব প্রচারের কিছু অংশ ঘটনার প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কমিটির পক্ষ থেকে সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো বক্তব্য বা তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
ক্লাব সংশ্লিষ্টরা জানান,মাঠটি সবার জন্য উন্মুক্ত ও শান্তিপূর্ণ রাখাই কমিটির মূল লক্ষ্য। কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধ নয় বরং মাঠে শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্থানীয় ও অন্যান্য এলাকার খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতেই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত