আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নির্ধারিত সময়ের চার মাস আগেই অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাড়াইল বাজার ট্রলার ঘাট সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আলহাজ্ব হযরত মাওলানা এনামুল হক (বড় হুজুর)-কে সভাপতি এবং হাফেজ মাওলানা শেখ মুহম্মদ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রউফ (দা.মা.)।
উপজেলা নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-১ আলহাজ্ব মো. নুরুল ইসলাম।
জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি আবু হানিফ এবং অর্থ সম্পাদক আলহাজ্ব আলী আকবর মাস্টার এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগсর দায়িত্বশীল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সাংগঠনিক সূত্রে জানা যায়, বর্তমান কমিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকলেও স্থানীয় সরকার নির্বাচনকে মাথায় রেখে কিছুটা আগেই এই সম্মেলনের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার তাগিদ দেওয়া হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত