গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের পর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে লং মার্চের গাড়িবহর।
জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলীয় সংকীর্ণতার রাজনীতি বন্ধ করা। পাশাপাশি জামায়াত আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের ওপরও গুরুত্ব দেন।
লং মার্চটি শাপলা চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কাঁচপুর, কুমিল্লার পদুয়া বাজার, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাই হয়ে লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি দেশের বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন।
এদিকে সরকার জানিয়েছে, লং মার্চে বাধা দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। তবে বিএনপির পক্ষ থেকে জ্বালানি সংকটের মধ্যে এত বিপুলসংখ্যক যানবাহন নিয়ে কর্মসূচি আয়োজনের সমালোচনা করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সরকার পতনের কর্মসূচি নয়; জনগণের দাবি আদায়ে আইনসম্মত আন্দোলনের অংশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত