বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা হেলাল উদ্দিনকে হত্যা চেষ্টার ঘটনায় ইয়াবা সেলিমের বিরুদ্ধে অভিযোগ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন (৫০)-কে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে সেলিম আহমদ ওরফে ইয়াবা সেলিম নামের এক মাদকসেবী সন্ত্রাসী। সে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আদাং গ্রামের আব্দুল হাসিমের পুত্র। এ ব্যাপারে থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ ওই সন্ত্রাসী ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে আজও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
অভিযোগে প্রকাশ, গত বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্থানীয় কাপনা জালালিয়া মাদ্রাসার সামনে সরকারি রাস্তায় মামলা-মোকদ্দমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে বিএনপি নেতা হেলাল উদ্দিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দ্বারা ডান হাতের কব্জির নিচে কাটা জখম করে সন্ত্রাসী সেলিম। এ ঘটনায় হেলাল উদ্দিন ঐদিনই বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
ভুক্তভোগী বিএনপি নেতা হেলাল উদ্দিন আসন্ন সলুকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং এলাকার একজন সামাজিক সালিশী ব্যক্তিত্ব বলে জানান এলাকাবাসী। এর আগে গত ৩০ মে শনিবার রাত ৯টায় মথুরকান্দি বাজারের রাস্তায় একইভাবে কাপনা গ্রামের বিশিষ্ট সালিশী বিএনপি নেতা হেলাল উদ্দিনকে একা পেয়ে খুন করার হুমকি দিলে সন্ত্রাসী সেলিমের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিএনপি নেতা। কিন্তু ২ বার হামলাকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও তিনি কোনো ন্যায়বিচার পাননি।
প্রথমবার একই সন্ত্রাসীর হুমকির শিকার হয়ে হেলাল উদ্দিন বিশ্বম্ভরপুর থানায় জিডি নং-৪৪৭, তাং-১২/০৮/২০২৫ইং দায়ের করেন। তৎপ্রেক্ষিতে সন্ত্রাসী সেলিমের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানার এসআই কাউছার আহমদ নন এফআইআর প্রসিকিউশন নং-২৫/২০২৫ তাং-১২/৯/২০২৫ইং বিজ্ঞ আদালতে দাখিল করেন।
সন্ত্রাসী সেলিম, আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিশ্বম্ভরপুর জোনে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৩৪০/৩২৩/৩২৬/৩০৭/৪৩৫/৩৫৪/৪২৭/১১৪ ও ৫০৬ ধারায়, মামলা নং-৪৪৫/২০২৫-এর অন্যতম আসামি।
এছাড়াও গত ১৫ এপ্রিল বুধবার সকাল ৯টায় মাদ্রাসার সামনে সরকারি রাস্তায় আবারও শিক্ষিকা জয়ন্তী বিবিকে খুন করার চেষ্টা করলে সন্ত্রাসী সেলিম আহমদ ওরফে ইয়াবা সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষিকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বিশ্বম্ভরপুর কোর্টে সন্ত্রাসী সেলিমসহ ৯ জনের বিরুদ্ধে বিবিধ ৩৫/২০২৬ নং মামলা দায়ের করেন।
সন্ত্রাসী সেলিমের বিরুদ্ধে মথুরকান্দি গ্রামের মো. মোবারক হোসেন, পলাশ ইউনিয়নের রংপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র জখমী নজরুল ইসলাম গত ৯ আগস্ট ২০২৫ইং তারিখে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কিন্তু এত এত অভিযোগ দায়েরের পরও সন্ত্রাসী সেলিম আহমদ ওরফে ইয়াবা সেলিম পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে এলাকায় একের পর এক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধন অব্যাহত রেখেছে।
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সেলিমের বক্তব্য জানতে চেয়ে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
ইয়াবা সেলিমের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত