চৌগাছায় সিরাতুন্নবী ও মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের মৎস্যরাঙ্গা গ্রামে মরহুম পীর আব্দুল মজিদের মসজিদে সিরাতুন্নবী ও মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব মৎস্যরাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, তাঁর দুনিয়ায় আগমনের উদ্দেশ্য, তৎকালীন আরবের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট এবং মানবতার কল্যাণে তাঁর আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যরাঙ্গা গ্রামের কৃতী সন্তান ও রঘুনাথপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বিলাল হোসেন।
প্রধান অতিথি উপজেলা হিসাবে বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট ইসলামী বক্তা মাস্টার রহিদুল ইসলাম খান।
আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মৎস্যরাঙ্গা গ্রামের সন্তান ও প্রেসক্লাব চৌগাছার ক্রীড়া সম্পাদক সাংবাদিক ও ব্যবসায়ী এম এ মান্নান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক সাংবাদিক এম এ রহিম এবং ২ নম্বর পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মৌলভি শিক্ষক মাওলানা আব্দুল কাদের।
প্রধান বক্তার বক্তব্যে মাস্টার রহিদুল ইসলাম খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য কোরআন ও সুন্নাহর শিক্ষা রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামের সত্য ও ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠার পথে মহানবী (সা.)-এর জীবনে বদর, খন্দক ও তাবুকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও সংগ্রামের কথা তিনি তুলে ধরেন।
তিনি বলেন, মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত নীতি-আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের সংবিধানের মৌলিক রাষ্ট্রীয় নীতিসমূহের সঙ্গে কোরআন-হাদিসের ন্যায়, মানবতা, সাম্য ও ইনসাফের শিক্ষার আলোকে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, “আসুন, আমরা মহান আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে নিজেদের জীবন পরিচালনা করি এবং সমাজে শান্তি, ন্যায় ও মানবতার আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রাখি।”
অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা শুনতে মৎস্যরাঙ্গা ছাড়াও দশপাখিয়া, পাশাপোল, রঘুনাথপুর ও বুড়িন্দিয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। এ সময় মৎস্যরাঙ্গা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছোট-বড় সর্বস্তরের মানুষ অংশ নেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং মহানবী (সা.)-এর আদর্শে জীবন পরিচালনার তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

মতামত