চৌগাছায় গরুর ফার্মের গোয়ালঘর থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় একটি গরুর ফার্মের গোয়ালঘর থেকে গোলাম রসুল (৬০) নামে এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫৬ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার ডাক্তার আনিসুজ্জামান হাসপাতালের সামনে চৌগাছা-যশোর সড়কের উত্তর পাশে শিমুল নামে এক ব্যক্তির গরুর ফার্মের গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাম রসুল চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মৃত তজিবর মোল্লার ছেলে। তিনি ওই গরুর ফার্মে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রসুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শারীরিক অসুস্থতা নিয়েই গরুর ফার্মে কাজে আসেন। পরে কাজ শেষে তিনি বাড়িতে ফিরে যাননি। শুক্রবার সকালে তার ছেলে আল আমিন বাবার খোঁজ নিতে ফার্মে গিয়ে গোয়ালঘরের মেঝেতে তাকে চিৎ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
বিষয়টি ফার্মের মালিক শিমুলসহ চৌগাছা থানা পুলিশকে জানানো হলে চৌগাছা থানার এসআই (নিঃ) বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে যশোর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মান্নান,

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত