চিরিরবন্দরে মিনারা বেগমের বিদায় সংবর্ধনা, আবেগাপ্লুত প্রাথমিক শিক্ষা পরিবার
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ মিনারা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের স্মৃতিচারণ ও ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চিরিরবন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পরিবার, চিরিরবন্দর, দিনাজপুরের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ আরিফুল আলম শাহ, মোছাঃ ওয়াহিদা বেগম, আবু তাহের, মোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন, সহকারী শিক্ষিকা মোছাঃ ইমরুন নেহার এবং আউটসোর্সিং কর্মী আবু বক্কর সিদ্দিক সালাম।
বক্তারা বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ মিনারা বেগমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে সুন্দর সমন্বয়ের কথা স্মরণ করে বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মোছাঃ মিনারা বেগম তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে সহকর্মী ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ মিনারা বেগমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ কর্মজীবনে তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক স্মরণীয় হয়ে থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত