চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার চুরি যাওয়া স্বর্ণকারেন্টেরহাটের জুয়েলারি দোকান থেকে ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের টুকরো উদ্ধার
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ১ আনা ২৮ পয়েন্ট ওজনের একটি খণ্ডিত স্বর্ণের টুকরো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) চিরিরবন্দর থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে যেকোনো একসময় চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টেরহাট বাজার এলাকায় স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জোছনা বেগম (৫৮) বাদী হয়ে চিরিরবন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ও অভিযান পরিচালনা করে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত অংশ উদ্ধার করে। কারেন্টেরহাট বাজারে চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘কৃষ্ণ জুয়েলার্স’ নামক স্বর্ণের দোকান থেকে ১ আনা ২৮ পয়েন্ট ওজনের স্বর্ণের টুকরোটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সোহেল রানা (২৫), মোঃ আলমগীর বাদশাহ (২৪) ও চন্দন চন্দ্র রায় (৩৭) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সোহেল রানা ও আলমগীর বাদশাহ চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার চন্দন চন্দ্র রায় ছোটবাউল চেয়ারম্যানপাড়া এলাকার লোকমোহন চন্দ্র রায়ের ছেলে।
এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে চিরিরবন্দর থানায় মামলা নং-৪১/২৬, জিআর নং-২৮৩/২৬ (চিরিরবন্দর), তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামানকে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, চিরিরবন্দর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত