চৌগাছায় এলজিইডির ‘কোর রোড নেটওয়ার্ক’ বিষয়ক কর্মশালা
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ (CRN), সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
প্রধান অতিথি ছিলেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান।
কর্মশালা পরিচালনা করেন চৌগাছা উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন। আলোচক ছিলেন জিআইএস স্পেশালিস্ট, বেটসের আব্দুল্লাহ।
কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, সড়কের অগ্রাধিকার নির্ধারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ সড়ক অবকাঠামো পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা ও উন্নয়ন-অগ্রাধিকার নির্ধারণে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়।
এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, প্যানেল চেয়ারম্যান ও সচিব, উপজেলা এলজিইডির অফিসের অ্যাকাউন্ট অফিসার নাজমুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী প্রকৌশলী ও ব্যবসায়ী ও বণিক সমিতির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নানসহ সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এলজিইডি সূত্র জানায়, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কার্যক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) অর্থায়ন এবং BETS Consulting Services Limited পরামর্শক হিসেবে কাজ করছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত