শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চৌগাছায় মতবিনিময় সভা
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন উপলক্ষে যশোরের চৌগাছা থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় চৌগাছা থানার চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ পিপিএম।
প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম।
বিশেষ অতিথি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ।
সভায় উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতারা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিরাও এতে অংশ নেন।
সভায় জানানো হয়, গত বছর চৌগাছা উপজেলায় ৪৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার মণ্ডপের সংখ্যা বেড়ে ৫১টিতে দাঁড়িয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক ও পৃথক পাহারার ব্যবস্থা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, পূজাকে ঘিরে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বা কোনো পক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাস্টার রহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম চঞ্চল মৃধা, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী গোবিন্দ রাহা, সভাপতি অধ্যক্ষ শ্রী বলাই পাল, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত রায়সহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
মান্নান,

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত