চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। নিহত ও আহত তিনজনই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পরস্পর বন্ধু।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের নারায়ণপুর ইউনিয়নের ফাঁসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন (১৫) চাঁদপাড়া গ্রামের আলীম দাফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও ওসিমের ছেলে ফাহিম (১৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু সকালে মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ফাঁসতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে আহত হয়। দুর্ঘটনার পর পিকআপটি না থেমে দ্রুত চলে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আর এম ও ডাক্তার সুরাইয়া জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চৌগাছা থানার পুলিশ ঘটনাটি জেনেছে। নিহতের মরদেহ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
মান্নান,

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত