চৌগাছায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বাদ আসর চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালির আগে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাংবাদিক মাস্টার রোহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেসব পাত্রে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পাত্রে পানি ঢেকে রাখা, নিয়মিত মশারি ব্যবহার, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তাসংবলিত প্রচারপত্র ও ব্যানার প্রদর্শন করা হয়। এতে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’, ‘জমে থাকা পানিতে মশার লার্ভা নাশ করুন’, ‘পাত্রে পানি ঢেকে রাখুন’, ‘মশারি ব্যবহার করুন’ এবং ‘পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন’—এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ র্যালিতে অংশ নেন।
মান্নান,

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত