চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৩টা থেকে ৫টার মধ্যে বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর গোয়ালঘরের পেছনে তিনজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান তাঁর ছেলে শফিকুর রহমান। তাঁকে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে শফিকুরের চিৎকারে স্থানীয়রা একজনকে আটক করেন। এ সময় অপর দুজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে গরুচোর সন্দেহে কয়েকজন মারধর করেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ওই ব্যক্তি নিজের নাম মিজানুর রহমান এবং বাড়ি কুষ্টিয়ার লালন শাহ বাজারের পাশে বাটকেমারি এলাকায় বলে জানিয়েছিলেন। পুলিশও তাঁর পরিচয় যাচাইয়ের চেষ্টা করছে।
ঘটনার পর চৌগাছা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত