চৌগাছায় ৫১ মণ্ডপে প্রতিমায় রঙের শেষ আঁচড় দিতে ব্যস্ত কারিগররা
এম এ মান্নান , চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। প্রতিমাশিল্পীদের দম ফেলার ফুরসত নেই। কয়েক দিন পরই প্রতিমায় শেষ হবে রঙের আঁচড়। গত বছর ৪৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫১টিতে।
উপজেলার পৌর এলাকার কালীতলা কালীমন্দিরসহ ৫১টি মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। এসব মন্দিরে এখন শোভা পাচ্ছে ছোট-বড় নানা আকারের প্রতিমা। বাঁশ, কাঠ, খড় ও কাদামাটি দিয়ে তৈরি প্রতিমা দেখতে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই মধ্যে মণ্ডপের কাঠামো তৈরি ও খড় বাঁধার কাজ শেষ হয়েছে। এখন চলছে মাটির শেষ কাজ। কোনো কোনো মন্দিরে প্রতিমায় রং তুলির আঁচড় দেওয়ার কাজও শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে পৌর এলাকার বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মাহিন্দ্র দাস এবং তাঁর সহযোগী একই গ্রামের গৌর মণ্ডল, মনোজিত ঢালী ও কৃষ্ণ সরকার। তাঁরা প্রায় ৩৩ বছর ধরে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত। প্রতিমা তৈরি ও বিক্রি করেই চলে তাঁদের সংসার।
প্রতিটি প্রতিমার সেট তৈরির জন্য তাঁরা ৪৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্ডার পেয়েছেন। দুর্গাপূজা ছাড়াও কালীপূজা, লক্ষ্মীপূজা, সরস্বতীপূজা ও জগদ্ধাত্রী পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবের প্রতিমা তৈরি করেন তাঁরা। এ মৌসুমে তাঁরা দুর্গাপূজার ৯টি প্রতিমার সেট তৈরি করছেন। সারা বছরই প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকেন মাহিন্দ্র দাস ও তাঁর দল। তাঁদের তৈরি প্রতিমা দেশের সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরাসহ বিভিন্ন এলাকায় বিক্রি হয়।
মাহিন্দ্র দাস জানান, প্রতিবছর তিনি ১১টিরও বেশি প্রতিমা তৈরির অর্ডার পান। এ বছর অনেক অর্ডার পেলেও তৈরি করছেন ছয়টি প্রতিমা। তিনি বলেন, “ছোটবেলা থেকেই প্রতিমা গড়ার কাজ খুব পছন্দ করি। প্রায় ২৬ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছি। এখন এটি আমার নেশায় পরিণত হয়েছে। এ কাজ করে আমি খুব আনন্দ পাই।”
চৌগাছা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল বলেন, আগামী ১৬ অক্টোবর মহাপঞ্চমীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। ১৭ অক্টোবর মহাষষ্ঠীর পূজা থেকে মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল ও কাঁসরের শব্দ। ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব।
গত বছর চৌগাছায় ৪৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর উপজেলার ৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেশের চলমান পরিস্থিতির মধ্যেও উপজেলায় পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।
দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের আহ্বানে থানায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের আহ্বানে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা করা হয়েছে। এ ছাড়া যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের আহ্বানে জেলাতেও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের চৌগাছা উপজেলা শাখার আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা বলেন, শনিবার (১০ অক্টোবর) উপজেলার ৫১টি পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মণ্ডপপ্রতি ৬০০ কেজি করে চালের ডিও (ডেলিভারি অর্ডার) বিতরণ করা হয়েছে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, বিগত বছরগুলোর মতো এবারও উপজেলার সব দুর্গামন্দিরের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, উপজেলার যেসব মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে, সেসব মন্দিরে বর্তমান সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত