এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের যে টি কে দাখিল মাদ্রাসায় কোচিং কার্যক্রম পুনরায় চালু ও আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চৌগাছা সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কামারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম চঞ্চল মৃধা, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নান ও মাওলানা ফখরুল ইসলাম। এ সময় মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসাইন, সহ-সুপার, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য ১১ অক্টোবর থেকে কোচিং ক্লাস শুরু করা হবে। পাশাপাশি আগামী জানুয়ারি থেকে নিয়মিত পাঠদান শুরুর আগে নতুন শিক্ষার্থী সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
প্রধান অতিথি ড. আলাউদ্দিন বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষকদের আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টা জরুরি। শিক্ষার্থী সংগ্রহে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁদের অবহিত করতে হবে। জানুয়ারি থেকে শিক্ষকদের সম্মানী দেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন।
সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা এবং নতুন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত