চৌগাছায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা কমিটির সভা
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার-ভিডিপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। কোথাও অপ্রীতিকর ঘটনা, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
সভায় চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপি'র সভাপতি সেলিম রেজাউলিয়ার, ও বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান লাল, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত