স্বপ্ন বাসর
-------ফখরুল ইসলাম খান।
আমাকে কি আপনার ভাল লেগেছে? এই ছিল সৌরভের প্রতি জুমার জীবনের প্রথম প্রশ্ন। ভাল লেগেছে বলেই তো তুমি আজ আমার হয়ে পাশে আছো। না হয় কি আর এখানে আসতে পারতে ? জুমা- আমার হৃদয়ের সকল আবেগ অনভূতি উজাড় করে তোমাকে ভালবাসি, তুমিই আমার চির চেনা, ভালবাসার---------। সত্যিই তোমাকে আমি ভালবাসি। কিন্তু ভালবাসার এই কথাগুলো রমনার বটমূলে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে কোন প্রেমিক প্রেমিকার কথোপকথন নয়, অথবা নয় তা সিনেমা, নাট্যমঞ্চের কোন ডায়ালগ। এ ছিল জুমা আর সৌরভের প্রথম (বাসর) রাত্রির কথোপকথন।
ভালবাসা কোন বস্তুর সৌন্দর্য দর্শনের জন্য মানুষের হৃদয়ের মণিকোঠায় ঐ বস্তুর প্রতি মনের অজান্তে যে আকর্ষণ সৃষ্টি হয়, তাকেই বস্তুর প্রতি প্রেম বা ভালবাসা বলে। প্রেম পবিত্র স্বাদ স্বর্গীয় এবং প্রেম পবিত্র আত্মার বহি:প্রকাশ। স্থান, কাল, পাত্রের হিসাব করে প্রেমের সঠিক মূল্যায়ন করতে পারলেই মানবতার মূল্যায়ন স্বার্থক, সহজ ও সুন্দর হবে। পারস্য দেশীয় কবি ওমর খৈয়াম বলেছেন-
ওগো নারী, শ্রেষ্ট সৃষ্টি তুমি অবনীয়,
গোলাপে গঠিত যেন ভিতর বাহির।
মাঝে মাঝে সবিষ্ময়ে তাই মনে হয়
নারীতো গোলাপ ছাড়া অন্য কিছু নয়।
নারীর প্রেম চুড়ান্ত রুপ নেয় ভোগের আকাঙ্খায়, তেমনি ফুলের সৌন্দর্যবোধ রুপ নেয় সুগন্ধি ভোগের কামনায়। তাই যেমনটি করে মানুষ ফুলকে পেতে চায় তেমনি একটি যুবতি নারীকেও একান্তভাবে পেতে চায়। কারণ নারীর দেহে যে সৌন্দর্য তা আকর্ষণ করে নরকে। নর নারীকে ভালবাসে ও সোহাগ করে। সুতরাং নারীর প্রতি বিশুদ্ধ প্রেম পরিশুদ্ধ উপায়ে মানব প্রেম তথা স্রষ্টা প্রেমে নিয়ে যায়। প্রেমের কারণেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। প্রেমের কারণেই মানুষ সাহিত্য সৃষ্টি করে, আর এই প্রেমের কারণেই প্রতিটি নারী সন্তান ধারণ করে মানবতার ক্রম বিকাশ ধরে রাখতে সমর্থ হয়েছে। কল্পনা আত্মার, আর যেহেতু সৌন্দর্য্য আত্মা কেন্দ্রিক, সেহেতু আত্মার প্রয়োজনে মানুষ তার কল্পলোক সুন্দরের সৃষ্টি করে। প্রতিটি পুরুষ এই কারণেই নারীর দেহে ফুলের সৌন্দর্য কল্পনা করে নারীকে ভালবাসে এবং নারীকে নর তার প্রেমে আবদ্ধ করে রাখতে চায়।
সৌন্দর্যের কারণে নারীকে একান্তভাবে পাওয়ার আল্লাহ প্রদত্ব, প্রকৃতিগত যে বিধান তা হল বিবাহ। প্রেম প্রীতি ভালবাসা ও মনের প্রশান্তি লাভই হচ্ছে বিয়ের প্রধানতম উদ্দেশ্য। একটি নর ও একটি নারীর বিবাহ সূত্রে একত্রিত হয়ে সুশৃঙ্খল, সুষ্ঠু জীবন যাপনকেই বলা হয় দাম্পত্য জীবন। নারী পুরুষের সৃষ্টি যত পুরাতন বিবাহ ব্যবস্থাটিও তত পুরাতন এক মানবিক ব্যবস্থা। যারা সামাজিক ও সাংবিধানিক বিবাহের এই নীতিমালাকে অস্বীকার করে নারীর সৌন্দর্য ভোগ করে তাদের আত্মা কুলষিত হয়ে পড়েছে এবং তারাই মানবতার শত্রু। আর যারা আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে নারীর প্রেমের এই সাংবিধানিক বৈবাহিক নীতি মেনে এই পৃথিবীতে প্রেম প্রীতির সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে তারাই কামিয়াব এবং আল্লাহ ও তাঁর পাক কালামে এই সব লোকদের জন্য পুরুষ্কারের ওয়াদা করেছেন। স্রষ্টার প্রতি ঈমান ও তাঁর নীতির প্রতি আস্থা রেখে চলতে হবে। নতুন নীতি মালা মেনে মানুষ যে অনিয়মে পড়বে সামাজিক জীবনে ব্যাপক বিশৃংখলা সৃষ্টি করবে।
বিশ্ব বাগানের নারী ফুলগুলোর যিনি মালি, তিনি আল্লাহ। সৌন্দর্য ভোগের ইচ্ছা তিনিই দিয়েছেন। আবার এই স্পৃহা মিটাবার জন্য তিনিই বিবাহের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক বলেন-
﴿ وَمِنۡ اٰيٰتِهٖۤ اَنۡ خَلَقَ لَكُمۡ مِّنۡ اَنۡفُسِكُمۡ اَزۡوَاجًا لِّتَسۡكُنُوۡۤا اِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُمۡ مَّوَدَّةً وَّرَحۡمَةًؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يَّتَفَكَّرُوۡنَ﴾
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা-ভাবনা করে। {আয়াত-২১ সূরা আর রূম}।
আল্লাহর দেয়া ভালবাসার একটি অনুপম চিত্র সৌরভ আর জুমার বাসর রাত্রিতে ফুটে উঠেছে। সৌরভ ইসলামী আন্দোলনের একজন কর্মী। ছাত্রজীবনে থানা পর্যায়ে ছাত্রনেতা ছিল। আর্থিক স্বচ্ছলতা অর্জনের লক্ষে পূণ্যভূমি সৌদি আরবে চলে যায়। মধ্যখানে কয়েকবার দেশে আসলেও বিয়ের কোন ব্যবস্থা হয়নি। অবশেষে ৯০ সালের জানুয়ারীর দিকে দাম্পত্য জীবন গড়ে তোলার সার্বিক প্রস্তুতি নিয়ে দেশে আসে। কোরআন ও সুন্নাহর আলোকে দাম্পত্য জীবন গড়ে তোলার মজবুত সিদ্ধান্ত। তাই পাত্রী সন্ধান, পাত্রী দেখা, কথা বার্তা পাকা করণ, মোহরানা নির্ধারণ এবং প্রয়োজনীয় কেনা-কাটাসহ যাবতীয় কার্যক্রম ইসলামী বিধান মোতাবেক এগিয়ে চললো এবং ২১ শে ফেব্রুয়ারী’৯০ বিয়ের দিন ধার্য্য হল। ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ প্রায় সাত শত বরযাত্রী ও পঞ্চাশটির বেশী বরযাত্রীর গাড়ির বহর নিয়ে জেলার সবচেয়ে উন্নত মানের কমিউনিটি সেন্টার “সূগন্ধায়” রওয়ানা হল। সেই সুগন্ধায় শতশত অথিতির শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়ে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌরভ আর জুমার নতুন জীবনের যাত্রা।
ইসলামী আন্দোলনের সাথে জুমার পরিবারের দৃঢ় সুসম্পর্ক থাকার পরও জুমা সম্পর্কে সৌরভের ধারণা অস্পষ্ট থাকার কথা নয়। তবুও যার সাথে দেখ নেই, পরিচয় নেই, কথা নেই, কেমন হবে তার ভাষা, চাল চলন, ইসলামী জ্ঞান ও বিধান মানার ক্ষেত্রে তার বাস্তবায়ন ইত্যাদি প্রশ্ন নিয়ে প্রহর গুনছে সৌরভ। আত্মীয় স্বজনের উপস্থিতি এমন ছিল যে, বিয়ের দিন রাতে একবার আর পরের দিন সকালে একবার আনুষ্ঠানিক সাক্ষাত ছাড়া একান্ত ভাবে জুমার সাথে দু একটি কথা বলার সুযোগ হয়নি। শরয়ীভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পর নব দম্পতির পরষ্পরকে পৃথক রাখার কোন বিধান শরীয়তে নেই, এই গুরুত্ব উপলদ্ধি করেই হয়তো ভাবীদের মারফতে অফার আসছিল সৌরভের কাছে। কিন্তু আনুষ্টানিকতার কারণে ঐ রাত্রে দেখা করার সুযোগ হয়নি।
পরের দিন সকালে সৌরভ প্রয়োজনীয় কাজে চলে যায় বাহিরে, সন্ধ্যার পর ফিরে আসে বাড়িতে। ঘরে ঢুকে নজরে পড়ে নতুন পালং অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, বড় অক্ষরে রঙ্গিন কাগজে লিখা বাসর রাত্রি। ছোট বোন আমিনাকে পানির জন্য পাঠিয়ে জুমা জামা খুলে নিল সৌরভের গাঁ থেকে। সৌরভের ঘরকে কারা এমন ভাবে সাজিয়েছে যেন মনে হচ্ছে কোন রাজ দুলাল আর দুলালীর বাসর রাত্রি। আজ-কাল আমাদের সমাজে বিয়েকে কেন্দ্র করে যে সব অশ্লীল কার্যক্রম পরিচালিত হয়, তার কোন কিছুই হয়নি সৌরভের বিয়ের অনুষ্ঠানে। পানি ও চা পান করে ঘর থেকে বের হয়ে গেল প্রয়োজনীয় কাজে, কাল আবার ওয়ালীমা। পাঁচশত লোকের আথিতেয়থার প্রস্তুতি চলছে। রাতের খাবার শেষ করার পালা আসলো। মেহমানদের নিয়ে খাওয়া সেরে নিলে সৌরভ। রাত তখন অনেক, প্রায় বারোটার কাছাকাছি। সৌরভ খবর পেল শোবার ঘরে যাওয়ার জন্য। ঘরে ঢুকার আগে একটু কায়দা করে গলা পরিস্কার করে নিল যা ছিল আগমনী বার্তা। দরজায় গিয়ে সালাম দিয়ে ভেতরে ঢুকলো, কোথায় বসবে ভাবছে, এমন সময় ভাবীদের মধ্যে বড়ভাবী আদেশের সুরে পরিচয় করিয়ে দিয়ে বললেন এখানে বসো। সৌরভ যে পার্শ্বে বসবে তার পার্শ্বে জুমা আর চারদিকে হাফ ডজনের বেশী ভাবীদের এক বিরাট টিম বসা। ভাবীদের উপস্থিতি দেখে সে ভাবলো বিয়ের অনুষ্টানকে কেন্দ্র করে তাঁদের ভেতরে জমাকৃত সকল ক্ষোভ প্রকাশ করার জন্য সবাই একত্র হয়েছে। কারণ আনুষ্টানিকতা শুরু থেকে মেহদী সন্ধ্যা, বরকে গোসল দেয়া, রঙ তামাশা, খাওয়া দাওয়া একসাথে করা, বর সাজানো ও বর যাত্রী হওয়া কোন কিছুতেই তারা অংশ নিতে পারেন নি, যে আয়োজন তাদের পক্ষ থেকে করা হয়েছিল। সেখানেই ইসলামী নীতিমালার প্রশ্নে নীরব ভূমিকা পালন করতে হয়েছে। সব ক্ষেত্রেই তাঁদের গুড়ে বালি। সৌরভ ভাবীদের দৃষ্টি আকর্ষণ করে বলল আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ হয়ে গেলে কেটে পড়তে পারেন। জবাব আসলো আমরা থাকার জন্য আসিনি, আমাদের কিছু কাজ বাকী রয়েছে। তা সেরে চলে যাচ্ছি। এমন সময় কমলা ভাবী মিষ্টি, আঙ্গুর, চানাচুর, চিড়া দিয়ে কয়েকটা প্লেট সামনে রাখলেন। মুরব্বী (বড়ভাবী) নিদের্শ দিলেন জুমাকে মিষ্টি মূখ করানোর জন্য। বাধ্য হয়ে মুখে তুলে দিল সে, কিন্তু জুমা তো লজ্জায় মুখ খুলতে চাচ্ছে না। সৌরভ ভাবীদেরকে বললো আপনাদের উপস্থিতিতে হয়তো আমাদের মিষ্টি খাওয়া হবে না। তা শুনে জুমা লজ্জায় মুখটা একটু ঘুরিয়ে নিল। সাথে কিন্তু মিষ্টি হাসিও ছিল। ভাবীরা বক্তব্য শুনে বললেন আমরা আমাদের অংশ নিয়ে তোমাদের অংশ রেখে চলে যাচ্ছি। গুড নাইট বলে চলে গেলেন। সৌরভ দরজা বন্ধ করে দিল। জুমা দীর্ঘ নি:শ্বাস ফেলে ঘোমটা সরিয়ে নিল, মনে হল দীর্ঘ উনিশ বছরের বন্ধী কারাগার থেকে এই মাত্র মুক্তি পেল। বসা থেকে উঠে “ওয়া আলাইকুম সালাম” বলে সৌরভের সাথে হ্যান্ডশেক করে নিল।
জুমা বললো কোরআনে পড়েছি কারো ঘরে ঢুকার পূর্বে সালাম দেয়া মানে অনুমতি চাওয়া, আর সালামের জবাব হল অনুমতি দেয়া, কিন্তু ভাবীদের কারণে আস্তে করে দিলেও সালামের জবাব আপনাকে শুনিয়ে দিতে পারিনি। জুমার জবাব শুনে সৌরভ ভাবলো ইসলামী আন্দোলন মুখী পরিবারের এই হলো বৈশিষ্ট। সৌরভ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত একটার উপরে, আর দেরী নেই বলে জুমাকে ওজু করে আসতে বললো। ওজু করতে হবেনা, আগে থেকে ওজু করে বসে আছি। ওজু করতে হবে তা আবার কে শিখিযে দিয়েছেন, বললো সৌরভ। জুমা জবাব দিল মাওলানা আব্দুর রহীম সাহেবের হাদীস শরীফে ৩য় খন্ডে পড়েছি আজ রাতে প্রথমেই আমাদের দুই রাকাত নামাজ আদায় করে নিতে হবে। জুমার জবাব শুনে সৌরভের মনে হয়ে গেল, প্রবাস জীবনে সে যতবার সৌদি আরবে থাকাবস্থায় মক্কায় ওমরা করতে গিয়েছে ততবার কাবার গিলাফ ও বাবে মুলতাযিম ধরে তার মা’বুদের কাছে দোয়া করেছিল, হে আমার মাবুদ, আমাকে এমন একজন জীবন সাথী দাও, যাকে দেখলে পরে তোমার কথা স্মরণ হবে। আর তা-ই যেন সত্যে রুপান্তরিত হলো, যেমন সুন্দরী, তেমনি গুনেও অতুলনীয়া বলা চলে।
ভাবনা থেকে ফিরে এসে জায়নামাজ নিয়ে সৌরভ জুমাকে নিয়ে জামায়াতে দুই রাকাত নামাজ আদায় করে মোনাজাতের মাধ্যমে মহান মাবুদের শুকরিয়া আদায় করে নিল। নামাজ শেষে জুমা মিষ্টি হাতে নিয়ে বললো আগে ভাবীদের জন্য খেতে পারেন নি, এখন তো কোন অসুবিধা নেই, বলে সৌরভের মুখে মিষ্টি তুলে দিল, যাকে প্রথম দেখার এগার দিন পর একান্তভাবে আজ কাছে পেয়েছি, তাঁকে প্রাণ ভরে দেখবো, আদর করবো, গল্প করবো এবং তাঁর কাছ থেকে পরম প্রশান্তি লাভ করবো। তাই চলুন আর দেরি নয়। বিছানায় চলুন, বলে মশারী টানিয়ে নিল জুমা, আসুন বলে মশারীকে একটু উচু করে স্বাগতম জানালো সৌরভকে।
জুমার আহবানে সাড়া দিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সৌরভ। এবং সুরা রূমের ২১ নং আয়াতের ব্যাখ্যা করে আজকের রাত্রের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করলো। জুমাকে জিজ্ঞাসা করলো আজকের এই পবিত্র রাতকে কি আমরা আমাদের নব-জীবনের যাত্রা লগ্নে ভালবাসার রাত হিসাবে গ্রহণ করতে পারি। মুচকি হাসি দিয়ে জুমা তা সমর্থন করে নেয়। সৌরভ বললো আল্লাহ পাকের সেই ওয়াদা বাস্তবায়নের পূর্বে প্রয়োজনীয় যে কাজ বাকী রয়েছে তা আগে সেরে নেয়াটা ভাল, শুধু ভাল নয়, আজকের রাত্রে তা কর্তব্যও বটে। সৌরভ বললো- তা পরষ্পরকে জানা দরকার। সৌরভ জুমাকে প্রশ্ন করলো, আমার কাছে তোমার কিছু জানার বাকী থাকলে বলতে পারো। জুমা বললো আমার আর কিছু জানার প্রয়োজন নেই বরং আমি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবো? আমি আল্লাহর কাছে যেমন সঙ্গী চেয়েছিলাম, তিনি অনেক গুন বেশী দিয়েছেন। আমি কল্পনাও করতে পারিনি যে আপনার মত আদর্শ ও চরিত্রবান স্বামী পাবো। সৌরভ বললো তুমিতো আসল বিষয়টি চেপে গেলে তা সম্পর্কে কিছুই বললে না। সৌরভ বললো- জুমা মোহরানা সম্পর্কে আজকাল কতজন পুরুষ-মহিলা বিয়ের পূর্বে জানার চেষ্টা করে। মোহরানা সম্পর্কে কুরআন-হাদীস, আলেম ওলামাদের কাছ থেকে না জেনে, অনেকে জিজ্ঞেস করেন বন্ধু-বান্ধব, ভাবী বা চাচাতো, খালাতো ভাই বোনদেরকে। যা নিতান্তই হাস্যকর ও মূর্খতার পরিচায়ক। আমাদের মনে রাখতে হবে মোহরানা সামাজিক প্রদর্শনীমূলক বিষয় নয়। এ নিয়ে যে কোন ধরনের টাল বাহানা বা সীমা লংঘন দ্বীনের দৃষ্টিতে জগন্য অপরাধ। মোহর হলো এমন অর্থ সম্পদ যার বিনিময়ে স্ত্রীর উপর স্বামীত্বের অধিকার লাভ করতে হয়। এবং তা আদায় করা স্বামীর উপর ফরজ। মোহরানার বিনিময়ে স্ত্রীর যৌনাঙ্গ ব্যবহারের অধিকার অর্জিত হয়। মহানবী (সাঃ) বলেছেন- যে ব্যক্তি কোন মেয়েকে মোহর দেয়ার ওয়াদায় বিয়ে করেছে কিন্তু মোহর আদায়ের ইচ্ছা নেই, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে জ্বেনাকার হিসাবে দাঁড়াবে। (মুসনাদে আহমদ)
নিয়ম রক্ষার জন্যই মোহরানা নির্ধারন অথবা তালাক ঠেকানোর জন্য মোহরানা নির্ধারন শরীয়ত পরিপন্থী। মোহরানা স্বামীর কোন করুনা নয়, নয় সামাজিক কোন ট্র্যাডিশন। আমাদের সমাজে মোহরানার মোটা অংক নির্ধারন করা বর্তমানে একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। এ ব্যাপারে রীতিমত প্রতিযোগিতা ও পরিলক্ষিত হয়। অধিকাংশ বিয়েতে প্রথম রাত্রিতে যেন মোহরানা মাফ করিয়ে নেয়াটা সামাজিক নিয়ম হয়ে দাড়িয়েছে। অবস্থা এমনই বেগতিক যে, স্বামী যেমন জেনেছে, মাফ করিয়ে নেয়াটা একান্ত কর্তব্য, ঠিক তেমনি স্ত্রীও জেনেছে, মাফ করে দেয়াটাই নিয়ম। স্ত্রীর স্বভাব জাত লজ্জার সুযোগে বাসর রাত্রে মোহরানা মাফ করিয়ে নেয়া, আর অন্ধকারে কারো গলায় ছুরি ধরে তার সর্বস্ব ছিনিয়ে নেয়া সমান অপরাধ। মোহরানা সম্পর্কে দীর্ঘ বক্তব্য শুনে জুমা বললো- আমাদের অবস্থা কিন্তু তা নয়। মোট অংক থেকে আড়াই লক্ষ শোধ হয়ে গেছে। বাকী যা আছে আমি তা স্বেচ্ছায় মাফ করে দিতে চাই। এই মুহুর্তে নগদ যা পেলাম তাসহ বাকী সব মাফ করে দিলাম এবং তা আমার এখতিয়ার। কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে- “যদি স্ত্রী নিজের পক্ষ থেকে স্বতঃস্ফুর্তভাবে মোহরের কিছু অংশ ক্ষমা করে দেয়, তবে তোমরা তা হৃষ্ট চিত্তে ভোগ করতে পারো”। ( আল-কুরআন)।
মোহরের ক্ষেত্রে আপনি যেমন আপনার দায়িত্ব পালন করেছেন, আমার কি কোন করণীয় নেই? আমার ইচ্ছা যে- জাতির সমস্ত নারী পুরুষদের এ কথা জানিয়ে দেই যে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন হাদীসের আলোকে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এ বিষয়ে ইসলামের রয়েছে প্রয়োজনীয় সুস্পষ্ট পথ নির্দেশনা। সর্বোপরি বিয়ে একটি ইবাদাত, বিবাহ পূর্ব ও পরবর্তী করনীয় এবং বর্জনীয় দিক সম্পর্কে শরীয়তে রয়েছে কিছু নিয়ম-নীতি। তা জেনে নেয়া আমাদের উপর ফরজ। জুমার বক্তব্য ও আহবানের মধ্য দিয়ে শেষ হলো মোহরনার আলোচনা।
সৌরভ আবার জিজ্ঞেস করলো, জুমা তুমি কি আর কোন প্রশ্ন করবে?
হ্যাঁ আমি জানতে চাই-- আমাকে কি আপনার ভাল লেগেছে? এই ছিল সৌরভের প্রতি জুমার জীবনের প্রথম প্রশ্ন। সৌরভ বললো- ভাল লেগেছে বলেই তো তুমি আজ আমার হয়ে পাশে আছো। না হয় কি আর এখানে আসতে পারতে? জুমা- আমার হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে তোমাকে ভালবাসি, তুমিই আমার চির চেনা, ভালবাসার ধন। সত্যিই তোমাকে আমি ভালবাসি। কিন্তু আমার এমন দুইজন প্রেমিক রয়েছেন যাদেরকে শুধু তুমি নও আমার প্রাণের চেয়ে ভালবাসি, সৌরভ জবাব দিল। সৌরভের জবাব শুনে জুমার সুন্দর চেহারা কেন যেন এমন বদলে গেল চোখে পানি টলমল করছে। এই মুহুর্তে বৃষ্টি পড়ার উপক্রম। সৌরভ একটু কৌতুহল করে জিজ্ঞেস করলো- জুমা তোমার চেহারা এমন হলো কেন? বুঝেছি তুমি রাগ করেছো। জুমা আমার আরে রাগ করো না বলে একটু আদর করে নিল। জুমা কান্নার সুরে বললো- তাহলে আমাকে আনলেন কেন? না আনলেও পারতেন। আবার একটু আদর করে বললো- জুমা তুমি অযথা রাগ করছো, আমার বিশ্বাস যে তুমি তাদেরকে ভাল করে জানো, আমার চেয়েও তাদের সাথে তোমার ভাল সম্পর্ক রয়েছে। অথচ আমার ভালবাসার কথা তুমি মেনে নিতে পারছো না, এ কেমন কথা? জুমা বললো এমন কথা বলবেন না। কারণ আমার জীবনে আপনিই একমাত্র ব্যক্তি, যাকে আমি জেনে শুনেই গ্রহণ করেছি। আমি অন্য কাউকে চিনি না, জানি না।
সৌরভ বললো তাহলে শুন তাঁদের পরিচয়। তাদের প্রদত্ত ও প্রদর্শিত পন্থায় আজ আমরা একত্রে মিলিত হতে পেরেছি। প্রথমজন হলেন : বিশাল এই আকাশ ও বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করে তোমার আমার জোড়া নির্ধারণ করে ভালবাসা সৃষ্টি করে দিয়েছেন, যাতে আমরা একে অন্যের কাছ থেকে পরম প্রশান্তি লাভ করতে পারি। তিনি হলেন আল্লাহ সুবহানহূ তা’য়ালা।
আর দ্বিতীয় জন হলেন- তোমার মতো নারীদেরকে যখন জাহিলিয়াতের যুগে ভোগের সামগ্রী বলে মনে করা হতো, নারীর ছিল না কোন মান-মর্যাদা, ছিলনা কোন সামাজিক কোন স্কীকৃতি। এই অবস্থা থেকে তিনি পৌছিয়েছেন সর্বোচ্ছ সম্মান জনক স্থানে, দিয়েছেন তোমাদের ইজ্জত আবরুর নিরাপত্বা, দিয়েছেন অধিকারের নিশ্চয়তা-যার উপর নাযিল হয়েছিল বিশ্বমানবতার মুক্তির সনদ, মহাগ্রন্থ আল কোরআন। তিনি হলেন বিশ্বনবী, বিশ্বনেতা হযরত মুহাম্মদ (সাঃ)।
জুমা তোমার এ কথা ভাল করে জেনে নেওয়া প্রয়োজন, আল্লাহ প্রদত্ব ও রাসুল প্রদর্শিত পন্থায়ই আজ আমরা এখানে মিলিত হতে পেরেছি, তাই আজ থেকে মৃত্যুর আগ পযর্ন্ত তোমার আমার এই ভালবাসার স্থায়িত্ব হবে তাঁদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। আমরা এমন কোন কাজ দাম্পত্য জীবনে করতে চাই না যা করলে আল্লাহ ও রাসুল (সাঃ) নারাজ হবেন।
সুতরাং তোমাকে ভালবাসা, চাওয়া-পাওয়া, দাবী-দাওয়া ও ভাল না বাসা সবই হবে তাঁদেরকে কেন্দ্র করে। আর এ পথেই দাম্পত্য জীবনে সুখ ও কল্যাণ নিশ্চিত। এ পথেই বিয়ের প্রকৃত উদ্দেশ্য স্বীয় নৈতিক চরিত্র, পবিত্র, পরিচ্ছন্ন ও কুলষমুক্ত রাখতে পারা। মনের গভীর প্রশান্তি ও স্থিতি লাভ এবং দাম্পত্য জীবন যাপন করে সন্তান জন্ম দান, লালন পালন ও ভবিষ্যৎ সমাজের মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব।
সৌরভের জবাব শুনে জুমা আবেগে আপ্লুত হয়ে সৌরভের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে বললো- আমিও জীবনে তা বাস্তবায়ন করে দেখাতে চাই। এক সময় দুইজনই যেন আল্লাহ পাকের সেই ওয়াদা বাস্তবায়নে ভালবাসার সাগরে ডুবে গেল। পরম প্রশান্তি লাভের মধ্য দিয়ে তাদের কেটে গেল চির আকাঙ্খার ভালবাসার রাত “স্বপ্ন বাসর”।
লেখক : সভাপতি, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদ ও ব্যবস্থাপনা সম্পাদক মাসিক বিশ্বনাথ জাইজেস্ট, বিশ্বনাথ সিলেট।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত