চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ, নিরাপত্তা চান জহুরুল
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছা উপজেলার শিবনগর গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে . জহুরুল ইসলাম (৫৯) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশী ও স্বজনদের বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে শিবনগর গ্রামে জহুরুল ইসলামের বসতবাড়ির উঠানে এ ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ও বাম পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের সিটি স্ক্যান প্রতিবেদনে তাঁর মাথার সামনের হাড়ের বাম পাশে ফ্র্যাকচার ও ফুলে যাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি চৌগাছা থানায় লিখিত এজাহার দিয়েছেন বলে জানা গেছে।
জহুরুল ইসলামের অভিযোগ, বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ, নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জহুরুল ইসলামের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে তিনি যেন ভয়ভীতি ও হয়রানিমুক্ত পরিবেশে নিরাপদে বসবাস করতে পারেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত