ক্ষমতা নয়, জনগণের সেবা করতে চাই
চান্দলা ইউনিয়নকে আধুনিক ও দুর্নীতি মুক্ত করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী মামুন সরকারের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বড়ধুশিয়া গ্রামের মরহুম সিদ্দিকুর রহমান সরকারের ছেলে ও বিশিষ্ট সমাজসেবক মো. মামুন সরকার। তিনি চান্দলা ইউনিয়নকে আধুনিক, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মামুন সরকার বলেন, ‘ক্ষমতার লোভে নয়, সাধারণ মানুষের সেবা করতেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ চান্দলা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মামুন সরকার জানান, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ঢাকা মহানগরীর বনানী থানা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান।
তিনি বলেন, চান্দলা ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। আমার মূল লক্ষ্য হলো ৩নং চান্দলা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদে রূপান্তর করা। এ জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, স্বচ্ছতা ও পরিকল্পিত উন্নয়ন।
ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং অসহায় ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মামুন সরকার বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধান, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে চান্দলা ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, আমি চাই, চান্দলা ইউনিয়নের মানুষ যেন হয়রানি ও বৈষম্য ছাড়াই তাদের প্রাপ্য সেবা পান। পরিকল্পিত উন্নয়ন এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই ইউনিয়নকে ব্রাহ্মণপাড়া উপজেলার একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর বিশ্বাস, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে চান্দলা ইউনিয়নকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করা সম্ভব।
এ লক্ষ্য বাস্তবায়নে চান্দলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. মামুন সরকার।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত