যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবি
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের বিভিন্ন উপজেলায় নতুন সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিতর্কিত লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন যশোরের নির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে চৌগাছা উপজেলার ১০ নম্বর নারায়ণপুর ইউনিয়নে মেসার্স আমেনা ট্রেডার্সের নামে সার ডিলারের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটির দাখিল করা গুদামঘরের কাগজপত্র ও স্বাক্ষরের বৈধতা নিয়ে সন্দেহ রয়েছে। সংশ্লিষ্ট গুদামঘরের মালিক জহুরুল ইসলাম দাবি করেছেন, তিনি ওই প্রতিষ্ঠানের নামে কোনো স্ট্যাম্পে স্বাক্ষর করেননি। এ বিষয়ে তাঁর ভিডিও বক্তব্য সংরক্ষিত রয়েছে বলে অভিযোগকারীরা জানান।
অভিযোগকারীদের দাবি, সার ডিলার নিয়োগের অন্যতম শর্ত গুদামঘর থাকা। তাই প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাক্ষরের সত্যতা যাচাই করে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াতের আমির ও বাঘারপাড়া-অভয়নগর এলাকার সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যাঁদের সার ডিলারের লাইসেন্স দেওয়া হয়েছে, তাঁদের লাইসেন্স বাতিল করে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
সংবাদ সম্মেলন থেকে সার ডিলার নিয়োগের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত