চুনারুঘাট উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে নালুয়া চা-বাগানের দক্ষিণ অংশে প্রায় ২০ থেকে ২৫ একর জায়গাজুড়ে দলকি বিলের অবস্থান। চা-বাগানের চিরসবুজ পরিবেষ্টনীর মাঝে এমন একটি বিশাল শাপলা বিলের অস্তিত্ব প্রথমদিকে অনেকের কাছেই অজানা ছিল। তবে গত দুই-তিন বছর ধরে শীতের সময়ে বিলজুড়ে লাল শাপলার ফুটার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় চা-শ্রমিক ও প্রকৃতিপ্রেমীদের মতে, চারপাশের সুবজ চা-বাগানের সঙ্গে বিলের এই লাল শাপলার রূপ এক অন্যরকম নান্দনিক দৃশ্যের জন্ম দেয়।
স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতিপিপাসুরা দলকি বিলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন। ভোরে যখন সূর্যের কোমল আলো বিলের পানিতে পড়ে, তখন হাজারো লাল শাপলা যেন সজীব হয়ে ওঠে। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালের দিকে শাপলাগুলোর সৌন্দর্য সবচেয়ে বেশি প্রকাশ পায় এবং বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ বাড়লে শাপলাগুলো নিজেদের গুটিয়ে নেয়।
পরিবার নিয়ে কিংবা একা—শীতের সকালে এই নয়নাভিরাম দৃশ্য দেখতে আসা অনেক পর্যটক মুগ্ধতা প্রকাশ করে জানান, চা-বাগানের ভেতরে এমন একটি মায়াবী শাপলা বিল রয়েছে, যা চাক্ষুষ না করলে বিশ্বাস করা কঠিন।
হবিগঞ্জ জেলা সদর বা চুনারুঘাট উপজেলা থেকে সহজে সিএনজি বা স্থানীয় যানবাহনে চড়ে এই চা-বাগানে পৌঁছানো যায়। শীতকাল এলেই দলকি বিলের এই অপরূপ রূপ দেখতে মুখিয়ে থাকেন ভ্রমণপিপাসুরা। তবে পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহলের মতে, অপরিকল্পিত ভিড় এবং পর্যটকদের অসচেতনতার কারণে এই প্রাকৃতিক সৌন্দর্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি।
প্রকৃতির টানে যারা একটু শান্তি ও সবুজের সান্নিধ্য খোঁজেন, তাদের জন্য হবিগঞ্জের চুনারুঘাটের নালুয়া চা-বাগানের এই দলকি বিল হতে পারে এবারের শীতের সেরা একটি গন্তব্য।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত