বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চৌগাছায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের চৌগাছায় বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘হাত ধোয়ার নায়ক হোন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহসভাপতি ইউনুস আলী দফাদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়। এ সময় হাত পরিষ্কার রাখার গুরুত্ব, খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ ও কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস। নিয়মিত ও সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে চৌগাছায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত