প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী চাষে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের তরুণ উদ্যোক্তা মো. মোরসালিন ইসলাম।
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের রহিমপুর গ্রামে শ্বশুরের পরিত্যক্ত ১৭ শতক জমিতে বিদেশি উচ্চমূল্যের ফল ‘আনারকলি’ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। অল্প জমিতে পরীক্ষামূলক এই চাষেই মিলেছে আশাতীত সাফল্য।
ভিটামিন-সি ও পুষ্টিগুণে ভরপুর এই ফলটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মাঠজুড়ে গাছের চমৎকার বৃদ্ধি ও থোকায় থোকায় ঝুলে থাকা ফল দেখে অবাক স্থানীয় কৃষকরাও।
জানা গেছে, বেকার বসে না থেকে কৃষিতে নতুন কিছু করার তাগিদ থেকেই এই উদ্যোগ নেন মোরসালিন। আধুনিক পদ্ধতি ও নিবিড় পরিচর্যায় তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে পরিত্যক্ত জমিও হয়ে উঠতে পারে লাভের খনি।
তার এই সাফল্য এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা। অনেকেই ঝুঁকছেন সৃজনশীল ও লাভজনক কৃষির দিকে।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের মতে, তরুণদের এমন উদ্ভাবনী উদ্যোগ দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও আধুনিক বাজারজাতকরণ সুবিধা পেলে ‘আনারকলি’র মতো ফসল দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
নওগাঁর বদলগাছী থেকে, ৩০ অক্টোবর ২০২৬

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত