চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়া এলাকায় দেলোয়ার হোসেন প্রধানীয়ার কাঠের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নিজাম উদ্দিন ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহাগ হোসেন (২৬), পিতা শাহ জাহান, সাং আকানিয়া, কচুয়া, চাঁদপুর; বর্তমানে হাজীগঞ্জের আলীগঞ্জ বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন। অপরজন মো. ইয়াছিন (২৩), পিতা মিজানুর রহমান, সাং লাউকড়া, হাজীগঞ্জ, চাঁদপুর; বর্তমানে হাজীগঞ্জের মমিন রোডের পাটোয়ারী ভিলার একটি ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৬ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩৪৯।
পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

মতামত