স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে হাজার হাজার যানবাহন ও মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু দিগপাইত উপশহরের পশ্চিম পাশে সড়কের পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, ফলে রাস্তার প্রকৃত অবস্থা বোঝা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, প্রতিদিনই কোনো না কোনো যানবাহন এসব খানাখন্দে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় ছোট যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার ঘটনাও ঘটছে। বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় এই সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
ভুক্তভোগী এলাকাবাসী ও চালকদের দাবি, জনদুর্ভোগ লাঘব এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে নিরাপদ ও চলাচলের উপযোগী করা হোক।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত