কিশোরগঞ্জ শহরের কড়িয়াইল মোড় থেকে একরামপুর পর্যন্ত অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যাত্রীদের অভিযোগ, কড়িয়াইল মোড় থেকে একরামপুর যেতে ২০ টাকায় অটোরিকশা পাওয়া গেলেও একরামপুর থেকে কড়িয়াইল মোড়ে ফেরার সময় কোনোভাবেই ২০ টাকায় যেতে চান না চালকরা। এ ক্ষেত্রে ৩০ টাকা বা তার বেশি ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শুধু কড়িয়াইল মোড়–একরামপুর রুটেই নয়, যশোদল থেকে একরামপুর পর্যন্ত ভাড়া নিয়েও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের ভাষ্য, এ পথে প্রচলিত ভাড়া ১০ টাকা হলেও বর্তমানে ২০ টাকার কমে অটোরিকশা যেতে চায় না।
এতে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবীসহ নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। বিশেষ করে একই রুটে যাওয়ার সময় এক ভাড়া এবং ফেরার সময় ভিন্ন ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
স্থানীয় যাত্রীদের দাবি, কোনো রুটে নির্ধারিত ভাড়া থাকলে তা অটোরিকশায় দৃশ্যমানভাবে টাঙিয়ে দেওয়া এবং চালকদের তা মেনে চলা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকেও যাতে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।
কিশোরগঞ্জ শহরে অটোরিকশা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে শহরের অটোরিকশার আধিক্য, স্ট্যান্ড ব্যবস্থাপনা ও যানজটের কারণে মানুষের ভোগান্তির কথাও উঠে এসেছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত