গাইবান্ধা প্রতিনিধি, মোঃ বেলাল মিয়া।
গাইবান্ধা জেলা 'জুলাই যোদ্ধা'র সভাপতি মোঃ আমিনুর রহমানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ এনে দেশ টিভিতে প্রচারিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। আমিনুর রহমানের দাবি, পাঁচ হাজার টাকা চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে আমিনুর রহমান বলেন, সাদুল্লাপুর মেইন রোডের সাথেই তার বাসা। গাছ কাটার যে ঘটনার সাথে তাকে জড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিক কোনো তথ্য-উপাত্ত যাচাই করেননি এবং তার কোনো বক্তব্যও নেননি। একতরফা অভিযোগের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
তিনি গাইবান্ধার সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমি জেলার সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আপনারা বিষয়টি সরেজমিনে তদন্ত করুন। তদন্তে যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তবে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।"
তিনি আরও যোগ করেন, সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। কারণ একটি ভুল সংবাদ মানুষের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করে।
আমিনুর রহমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছে, প্রচারিত অভিযোগের সত্যতা প্রমাণসহ জনগণের সামনে তুলে ধরা হোক। অন্যথায়, ভুল ও অসত্য তথ্য প্রত্যাহার করে দ্রুত প্রকৃত ঘটনা প্রকাশের জোর দাবি জানিয়েছেন তিনি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত