চাঁদপুরের কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ মাঠে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও প্রবাসী ফোরামের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে" সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর আব্দুর রহিম প্রধান।
আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সংগ্রামী সভাপতি আতাউল করিম, বিএনপি নেতা মাজহারুল ইসলাম, কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম সহ আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি আজিজুল ইসলাম বলেন, "কড়ইয়ার মাদক ব্যবসায়ী ও সেবীদের এক মাস সময় দেওয়া হলো। আগামী মাসের ২৮ তারিখের পর যদি এই কড়ইয়ায় কোনো মাদক ব্যবসায়ী মাদকসহ ধরা পড়ে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিবেন, তাদেরকে আমি পুরস্কৃত করবো এবং কড়ইয়া আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স সংগঠনকেও অনুমোদন দিয়ে সহযোগিতা করবো।"
সমাবেশে পৌর বিএনপির সভাপতি বিল্লাল মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সংগঠন থেকে আমরা কঠোর ভূমিকা নেবো।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী বলেন, "আজ আমাদের জন্য লজ্জার বিষয়, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের কড়ইয়ায় মাদকের বিরুদ্ধে সমাবেশ করতে হচ্ছে। তাহলে কি পরিমাণ মাদক সাপ্লাই হচ্ছে! যারা দলের নাম বিক্রি করে মাদক ব্যবসার সাথে জড়িত আছেন, সংগঠনের পদ-পদবী থাকা অবস্থায়ও মাদক ব্যবসা করছেন, আমরা তাদেরকে বহিষ্কার করবো। সে যত বড় নেতাই হোক না কেন, যে মাদকের সাথে লিপ্ত আছে তাকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমার দলের কোনো নেতাকর্মী যদি কোনো মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে সুপারিশের জন্য থানায় যায়, আমি থানার সিসি ক্যামেরা চেক করে তাকে বহিষ্কার করবো।"
তিনি আরও বলেন, "খুবই দুঃখজনক, আমাদের নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব বলেছেন, আমি আমার কড়ইয়াকে যদি মাদকমুক্ত না করতে পারি তাহলে আমি দলের পদ ত্যাগ করবো। আপনাদের কারণে আমাদের বদনাম হবে, আমরা তা হতে দেবো না।"
এ সময় বক্তারা সকলেই একটি মাদকমুক্ত কড়ইয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত