চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পৃথক তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে: দুপুর ১টা ৪৫ মিনিটে কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া খাজা মসজিদের পিছনে পাকা রাস্তার উপর থেকে কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর সহায়তা এসআই মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ মোঃ তাওসিফ (১৯) কে আটক করেন। তার দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে উত্তর করইশ মজুমদার বাড়ীর বাসিন্দা। এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নং-৪৩ রুজু করা হয়।
দ্বিতীয় অভিযানে: বিকাল ৩টা ৩০ মিনিটে পৌরসভার মাসিমপুর সাকিনের মুন্সিবাড়ির মোড়ে বিল্লাল হোসেনের দোকানের সামনে থেকে এসআই মোঃ আবু তাহের মোল্লা ২ জনকে আটক করেন। তারা হলেন ১। মোঃ নুরনবী (৩৬) ও ২। মোঃ শাহাদাত হোসেন (২৬)। তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৪৪ রুজু করা হয়।
তৃতীয় অভিযানে: বিকাল ৩টা ৪৫ মিনিটে পৌরসভার ৩নং ওয়ার্ডের কড়ইয়া মানিক ডাক্তারের বাড়ীর সামনে থেকে এসআই রুবেল সরকার হাসিবুল ইসলাম ওরফে ফয়েজ (২৯) কে আটক করেন। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৪৫ রুজু করা হয়।
আটককৃত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আজ ৩০/০৯/২০২৬ খ্রি. তারিখে ধৃত আসামিদের বিধি মোতাবেক পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত