প্রতিবেদন: মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব
ডিমলায় মব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির অঙ্গসংগঠনের রাজপথে প্রতিবাদ সমাবেশ
দেশে ও নীলফামারীর ডিমলা উপজেলায় পরিকল্পিতভাবে মব সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিমলা উপজেলা বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মূল বার্তা ছিল - একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ডিমলা উপজেলায় মব জাস্টিস বা মব সন্ত্রাসের আশ্রয় নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রাজপথে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান সবুজ, ডিমলা সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খাঁন লোহানী, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সঙ্গে মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দলের কোনো নেতাকর্মী যদি মব সন্ত্রাস বা কোনো ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে যেকোনো রাজনৈতিক দল যদি ডিমলা উপজেলা ও দেশে নাশকতা ও অস্থিতিশীল করার অপচেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা ডিমলা উপজেলা ও দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত