১৬ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: রানার, ফিটনেসপ্রেমী ও দৌড়প্রেমীদের ব্যাপক সাড়ায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৬-এর সব নিবন্ধন স্লট পূর্ণ হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে নিবন্ধন কার্যক্রম SOLD OUT ঘোষণা করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধনের সব স্লট পূর্ণ হওয়ায় এ আয়োজনকে ঘিরে দৌড়প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ মহান বিজয় দিবসে রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৬। এ আয়োজনে ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, হাফ ম্যারাথন ও ফুল ম্যারাথনসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে বলে প্রচারিত তথ্যে জানানো হয়েছে।
আয়োজনে নিবন্ধনের সব স্লট পূর্ণ হওয়ার ঘটনা বাংলাদেশে দৌড় ও ফিটনেস চর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের মধ্যে দৌড়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ায় দেশে ম্যারাথন ও অন্যান্য দৌড় প্রতিযোগিতার পরিসরও সম্প্রসারিত হচ্ছে।
ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়; এটি শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক। এমন আন্তর্জাতিক মানের আয়োজন দেশের দৌড়বিদদের নিজেদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিবন্ধন সম্পন্ন করা রানারদের মধ্যে এখন অপেক্ষা ১৬ ডিসেম্বরের সেই মাহেন্দ্রক্ষণের। হাজারো দৌড়বিদের অংশগ্রহণে এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, ‘One Run. One Heart. One Bangladesh’—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৬ হয়ে উঠবে ঐক্য, সাহস ও সুস্থতার এক অনন্য উদ্যাপন।
সংক্ষিপ্ত তথ্য

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত